মিরপুরের বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর-৬ নম্বরের প্রশিকা মোড়ে অবস্থিত বাটার শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। টানা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুরের এই জুতার ব্র্যান্ড শো-রুমে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১২টা ২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
মিরপুর ফায়ার স্টেশনের ৩টি, কল্যাণপুরের ২টি এবং সিদ্দিকবাজারের ১টি ইউনিট একসঙ্গে কাজ করে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাফি আল ফারুক জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারদের কাজ করতে অসুবিধা হয়েছে।
ভবনটির নিচতলায় বাটার শো-রুম এবং ওপরের তলাগুলোতে দুটি রেস্টুরেন্ট রয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় এর বিস্তার ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের নির্বাপণ কাজ এখনো চলমান।