মেট্রোরেলের ৭২ শতাংশ দৃশ্যমান
দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্প কর্তৃপক্ষের ভাষ্যমতে প্রথম পর্যায়ের ৭২ দশমিক ১২ শতাংশ কাজ শেষ হয়েছে। খবর বাসস’র
ঢাকা মাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানিয়েছেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে নির্মাণের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭২ দশমিক ১২ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের নির্মাণের অগ্রগতি হয়েছে ৩৯ দশমিক ৭৩ শতাংশ।
ঢাকা মেট্রো রেলপথের মোট ২০ দশমিক ১ কিলোমিটারের মধ্যে ১০ দশমিক ২৬-এরও বেশি এখন দৃশ্যমান। কারণ সরকার ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের প্রথম মেট্রো উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে।
ডিএমটিসিএল-এর অগ্রগতি প্রতিবেদন অনুসারে, আগারগাঁও থেকে উত্তরার মধ্যে মেট্রোরেলের মূল ডেকের ৯৩ শতাংশ কাজ শেষ হয়েছে। বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম এবং রোলিং স্টক (রেল কোচ) এবং ডিপো সরঞ্জামসহ সমন্বিত অগ্রগতি ২৯ দশমিক ৮০ শতাংশ।