বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

‘মেসির শেষ বিশ্বকাপ? আমি কীভাবে জানব!'

মোহাম্মদ খাইরুল আমিন 18 জুলাই 2026, 06:34 সকাল 85 বার পঠিত
‘মেসির শেষ বিশ্বকাপ? আমি কীভাবে জানব!'

উত্তর আমেরিকা বিশ্বকাপে ৩৯ বছর বয়সে যেভাবে মাঠ মাতাচ্ছেন লিওনেল মেসি, তাতে একটা প্রশ্ন উঠছে জোরেশোরেই, পরের বিশ্বকাপেও কি খেলবেন ফুটবলের এই মহানায়ক। উত্তরটা জানা নেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিরও। হাসতে হাসতে বললেন, তার কোনো ধারণাই নেই এই ব‍্যাপারে।

এখনও নিজের ভবিষ‍্যৎ নিয়ে কোনো আভাস দেননি মেসি। ফাইনালের পর হয়তো জাতীয় দল নিয়ে নিজের ভাবনা পরিষ্কার করতে পারেন তিনি। তবে কাতার আসরের পর থেকে বলে আসছেন, যত দিন উপভোগ করবেন এবং ফিটনেস থাকবে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

কাতার বিশ্বকাপে ‘শেষের আভাস’ দিয়েছিলেন মেসি। বিশ্বকাপ জয়ের পর বলেছিলেন, সুন্দর এই সময়টা জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যতটা সম্ভব উপভোগ করতে চান তিনি।

উপভোগের সেই মন্ত্রে ওই আসরের পর জিতেছেন একটি কোপা আমেরিকা। এবার আরেকটি বিশ্বকাপ ফাইনালের সামনে দাঁড়িয়ে তিনি। ম‍্যাচের আগের দিন স্কালোনির সংবাদ সম্মেলনে এলো মেসির পরের বিশ্বকাপে খেলার প্রসঙ্গ। সেখানে স্পষ্ট কোনো উত্তর দিলেন না আর্জেন্টিনা কোচ।

“এটা কি মেসির শেষ বিশ্বকাপ? আমি কীভাবে জানব! আমার কোনো ধারণা নেই। আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। সে কখনও আমাদের অবাক করা থামায় না।

“৩৯ বছর বয়সে ফাইনালে জায়গা করে নেওয়া, আমি মনে করি এটা অবিশ্বাস‍্য। তার কাজের মূল‍্যায়ন আমাদের করতে হবে… সে এমন কিছু করেছে, যা কয়েক বছর আগে সম্ভব হবে কেউ ভাবতে পারেনি। এই পর্যায়ে আসাটা, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করাটা সহজ নয়। আশা করি আমরা জিতব, যদি নাও জিততে পারি তবুও সে সবার জন‍্য উদাহরণ হয়ে থাকবে।”


নিউ জার্সিতে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।