মেসি-নেইমারে পিএসজির জয়
ফ্রেঞ্চ লিগ ওয়ানে ত্রয়ার বিপক্ষে দুবার পিছিয়ে গিয়েও মেসি, নেইমার, এমবাপ্পে-এই ত্রয়ীর অসাধারণ পারফরম্যান্সে ৪-৩ গোলে ম্যাচটি জিতেছে পিএসজি। বিশেষ করে জাদু দেখিয়েছেন মেসি ও নেইমার।
পার্ক দে প্রিন্সেসে অ্যারোতে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পান মামা বালদে। পিছিয়ে পড়ে এরপর পিএসজি মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ত্রয়ে রক্ষণে।
২৪ মিনিটে তার ফলটাও পেয়ে যায় দলটি। নেইমারের পাস থেকে গোলটা করেন কার্লোস সোলের, পিএসজির জার্সিতে এটি তার প্রথম লিগ গোল।
এরপর আরো আক্রমণ করেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি পিএসজি। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়া দলটিকে দ্বিতীয়ার্ধে আবারও এক ধাক্কা দেন সেই মামা বালদে। ৫২ মিনিটে গোলটা হজম করে অবশ্য পিএসজি প্রতিক্রিয়া দেখাতে খুব বেশি একটা সময় নেয়নি।
৫৫ মিনিটে সার্জিও রামোসের বল বক্সের অনেক বাইরে পান মেসি, পেয়েই করে বসেন শট। সেটা গিয়ে আছড়ে পড়ে ত্রয়ের জালে। এর মিনিট ছয়েক পর আবারও মেসি জাদু, এবার অবশ্য গোল করেননি, করিয়েছেন।
মাঝমাঠে বল নিয়ে পাসের অপশন খুঁজছিলেন, চকিতেই দেখতে পেলেন শেষ ডিফেন্ডারের সঙ্গে নেইমারের উপস্থিতি; ব্যস, তার এক রক্ষণচেরা পাসে ভেঙে ছত্রখান ত্রয়ের প্রতিরোধ, বল গিয়ে পড়ে নেইমারের পায়ে। ব্রাজিল তারকা গোল করতে ভুল করেননি, পিএসজিও এগিয়ে যায় ম্যাচে প্রথমবারের মতো।
৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপে, ফলে ম্যাচটা সফরকারীদের নাগাল থেকে দূরে নিয়ে যায় পিএসজি। তাই শেষ সময়ে আনতে পালাভের্সার গোলে ব্যবধানটাই কেবল কমেছে, জয়, কিংবা নিদেনপক্ষে ড্র করা সম্ভব হয়নি ত্রয়ের।
এই জয়ের ফলে পিএসজি লিগ আঁর শীর্ষে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করল বৈকি! ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট তাদের ঝুলিতে। আর দুইয়ে থাকা লেঁসের সংগ্রহ সমান ম্যাচে ৩০।