বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেঝেতে মা আর বিছানায় ছেলের গলা কাটা লাশ

মোহাম্মদ খাইরুল আমিন 03 জুলাই 2022, 11:22 দুপুর 490 বার পঠিত
মেঝেতে মা আর বিছানায় ছেলের গলা কাটা লাশ

মায়ের লাশ পড়ে ছিল ঘরের মেঝেতে। ছোট্ট ছেলের নিথর মৃতদেহ পাওয়া যায় ঘরটির বিছানায়। দুজনকেই গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। 

আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ এই  মা ও ছেলের লাশ উদ্ধার করে। 

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী পশ্চিমপাড়া এলাকার ওই মায়ের নাম রাজিয়া সুলতানা ওরফে কাকলী (৪৩)। তার সঙ্গে মারা গেছে তার ৮ বছরের ছেলে তালহা। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে নারীর লাশ মেঝেতে ও ছেলের লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় মা-ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজিয়া সুলতানার পারিবারিক সূত্র থেকে জানা যায়, ১০ বছর আগে উজান গোবিন্দি পশ্চিম পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আউয়ালের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। গত পাঁচ বছর আগে আউয়াল ব্রেন স্ট্রোকে মারা যান। স্বামী মারা গেলেও ছেলে তালহাকে নিয়ে স্বামীর ভিটায় থেকে যান রাজিয়া।