মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলারে পৌঁছাবে। এই আয় গত অর্থবছরে ২ হাজার ৫৯১ ডলার ছিল। এছাড়া বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ হতে পারে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলারে পৌঁছাবে, যা গত অর্থবছরে ২ হাজার ৫৯১ ডলার ছিল।
এছাড়া মহামারীর ধাক্কা কাটিয়ে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি আবার ৭ শতাংশের ঘর অতিক্রম করতে যাচ্ছে বলে ধারণা দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসের হিসাব ধরে প্রবৃদ্ধির এই প্রাক্কলন করেছে বিবিএস। তাতে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে স্থির মূল্যে ৭ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হতে পারে।
সরকারি হিসাব মতে, গত ২০২০-২১ অর্থবছরে ৬ দশমিক ৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল। আর করোনাভাইরাসের ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে এই প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশে।