মাস্ক না পরায় আটক অর্ধ শতাধিক
খুলনায় মাস্ক না পরায় আটক করা হয়েছে অর্ধ শতাধিক পথচারীকে। এ ছাড়া আটজনকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসন করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ থেকে সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০টা থেকে খুলনা মহানগরের দু’টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে।
এর আগে গতকাল রবিবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্রযুক্তিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের কারাদণ্ড দেওয়া হবে।
এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণে এড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল, কিন্তু তাতেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।