মালয়েশিয়ায় যেতে চাওয়া কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে আগামী ৩১ অক্টোবর; কেবল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতেই এ পরীক্ষা করা যাবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে কিছু মেডিকেল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে।
৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।
এছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ‘দালাল ও অসাধু এজেন্সি’ অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।
কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সেইসঙ্গে অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে secretary@probashi.gov.bd) জানানোর জন্য কর্মীদের অনুরোধ করেছে মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিল সরকার।
সেদিন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।
সেজন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তবে, মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে, কোন-কোন মেডিকেল সেন্টারে মেডিকেল প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়।(ইমেইল-