মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মালদ্বীপে প্রাণ গেল দুই প্রবাসীর, ঋণের বোঝায় পরিবার

মোহাম্মদ খাইরুল আমিন • 10 নভেম্বর 2026, 06:29 সকাল • 5 বার পঠিত
মালদ্বীপে প্রাণ গেল দুই প্রবাসীর, ঋণের বোঝায় পরিবার

মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে এক দিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তাদের একজনের মরদেহ আজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। অন্যজনের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।

নিহত দুই বাংলাদেশি হলেন মো. দুলাল হোসেন (৫০) ও মো. কামরুল ইসলাম (৫২)।

সোমবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।

তিনি জানান, দুলাল হোসেনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামে, বাবার নাম আব্দুল জব্বার। অন্যদিকে কামরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে, বাবার নাম আব্দুল শহিদ।

হাই কমিশনের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি হাসপাতালে মারা যান দুলাল হোসেন। হাই কমিশনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় মঙ্গলবার তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুলাল হোসেনের ভাগনে মো. হাফেজুল ইসলাম জানান, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে যান তার মামা। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন তিনি।

হাফেজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া শেষে ওয়াশরুমে যান দুলাল। সেখান থেকে ফিরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কামরুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম জানান, কয়েক দিন ধরেই তার স্বামী শারীরিক অসুস্থতার কথা বলছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালে স্বামীর সঙ্গে তার কথা হয়েছিল। তবে ওই দিন বিকেলেই তার মৃত্যুর খবর পান।

কান্নাজড়িত কণ্ঠে হোসনে আরা বলেন, অনেক স্বপ্ন নিয়ে ঋণ করে এবং উচ্চ সুদে টাকা ধার নিয়ে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন। কিন্তু দেশটিতে যাওয়ার মাত্র এক মাসের মাথায় তাকে হারাতে হলো। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যৎ ও ঋণের বোঝায় দিশেহারা তিনি।

এদিকে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।