কুড়িগ্রামে অবাধে বিক্রি হচ্ছে নকল সিগারেট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার হাট বাজারগুলোতে বিভিন্ন ব্রান্ডের 'জাল ব্যান্ডরোল' লাগানো নকল সিগারেট অবাধে বিক্রি হচ্ছে। গত শনিবার (১৩ মার্চ) ভূরুঙ্গামারী বাজারে এসব নকল সিগারেটের প্যাকেট বিক্রির সময় স্হানীয়রা এক ব্যাক্তিকে আটক করলেও কৌশলে সে পালিয়ে যায়।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, মন্ড নামে প্রতি প্যাকেট সিগারেট ২৭০ টাকা, গুরু নামে প্রতি প্যাকেট ৫৬০ টাকা, ব্লাক নামে প্রতি প্যাকেট ১৬০ টাকা, ডব্লিউ টি-৯৯৯ নামে প্রতি প্যাকেট চুরুট (৫টি) ৩০০ টাকা এবং ডারবি নামে প্রতি প্যাকেট সিগারেট বাজারে বিক্রি হচ্ছে ৩৯ টাকায়। কিন্তু কিছূ অসাধু ব্যাবসায়ী এসকল ব্রান্ডের নকল সিগারেট প্রতি প্যাকেট যথাক্রমে ১৪০, ১০০, ১০০,১৮০ ও ৩২ (বারবি নামে) টাকা দরে কিনে ক্রেতাদের কাছে আসল সিগারেটের দামে বিক্রি করছে।
স্হানীয়দের অভিযোগ, বেশি মুনাফার আশায় দোকানদারেরা এসকল নকল সিগারেট কমমূল্যে কিনে অরিজিন্যাল প্যাকেটে ঢুকিয়ে বেশি মূল্যে বিক্রি করে ক্রেতাদেরকে ঠকাচ্ছে।
স্হানীয়রা জানায়,শনিবার (১৩ মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী বাজারে নকল ব্রান্ডের সিগারেটের প্যাকেট বিক্রির সময় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের জনৈক সিরাজুল ইসলাম নামের এক ব্যাক্তিকে স্থানীয় জনতা আটক করলেও কৌশলে সে পালিয়ে যায়। তার নিকট থেকে পাওয়া ওইসব প্যাকেটে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোন নাম নেই এবং জাল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে।
তারা আরো জানায়,আটকের সময় সিরাজুল তাদেরকে বলেছে, টাঙ্গাইলের জিয়া হক নামের জনৈক এক ব্যক্তির নিকট থেকে সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব সিগারেট এনে বিক্রি করছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট কাস্টমস ইন্সপেক্টর বছির উদ্দিন বলেন, তথ্য পেলে আমরা যৌথ অপারেশন চালিয়ে থাকি। কিন্তু এ ব্যাপারে আমরা কোন তথ্য পাইনি।