বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ক্ষুদ্র উদ্যোগে ২২ লাখ কর্মসংস্থান করতে চায় সরকার

মোহাম্মদ খাইরুল আমিন 07 সেপ্টেম্বর 2026, 01:20 দুপুর 33 বার পঠিত
ক্ষুদ্র উদ্যোগে ২২ লাখ কর্মসংস্থান করতে চায় সরকার

দেশে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পসহ গ্রামীণ অর্থনীতিকে কাজে লাগিয়ে মোট ২২ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়েছে সরকার। এর মধ্যে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

নতুন কর্মসূচির আওতায় আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ‘ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন তহবিল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংক ইতোমধ্যে প্রায় ১৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থান হলে মোট ২২ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে বড় শিল্প ও বড় প্রকল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প এবং গ্রামীণ অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ দেশের অনেক পরিবার তিন-চার প্রজন্ম ধরে একই ধরনের ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত।

প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও বাজারসংযোগের সহায়তা পেলে এসব ছোট উদ্যোগই একসময় বড় ব্যবসায় পরিণত হতে পারে।সৃজনশীল খাতের বিকাশে শুধু ঋণ দেওয়াই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্যের ডিজাইন, ব্র্যান্ডিং ও বিপণনেও সহায়তা দিতে হবে। এর মাধ্যমে ১০০ টাকার একটি পণ্যকে ২০০ থেকে ৩০০ টাকার পণ্যে উন্নীত করা সম্ভব।

আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করতে পারলে অ্যামাজন, আলিবাবাসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সেগুলো বিশ্ববাজারে বিক্রি করা সম্ভব। এতে উদ্যোক্তাদের আয় বাড়ার পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানও তৈরি হবে।

অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এর মাধ্যমে শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।