করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৭৩
মাঝে ক’দিন একটি দুটি করে মৃত্যু দেখেছে দেশ। তবে গত এক দিনে দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই ২৪ ঘণ্টায় নতুন ৭৩ জন রোগী শনাক্ত করা হয়েছে।
আজ নিয়মিত আপডেটে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।
বুধবার অবশ্য ৭২ জন রোগী শনাক্ত হয়েছিল। পেছনের ওই ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জন হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ১২২ জনে রয়েছে।
ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৫৮ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। আর তাদের মধ্যে ৫১ জনই ঢাকা জেলার। দেশের ৫৩ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৮৮৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে উঠলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।