বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত-মৃত্যু কমছেই

মোহাম্মদ খাইরুল আমিন 05 ডিসেম্বর 2022, 02:00 দুপুর 438 বার পঠিত
করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত-মৃত্যু কমছেই

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দেড়শ কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৬ লাখ ৪৬ হাজার ২২৩ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৫৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৫০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৫৮৪ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৫৬৬ জন এবং মারা গেছেন ১৫১ জন।  যুক্তরাষ্ট্রে একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন ৩ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৫৫ জন।  লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৯৩ জন।  চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।