করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২৯৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। বেশ কিছুদিন পর আগের দিন করোনায় মৃত্যুশূন্য দিন কেটেছিল। আর গত একদিনে আরও ২৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ২৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আগের দিন ২১৬ জন নতুন রোগী পাওয়া গিয়েছিল।
সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমেছে। শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমেছে। এদিনের শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ।
নতুন ২৯৬ রোগী নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন হয়েছে। এদের মধ্যে ২৯ হাজার ৩০৭ জন করোনায় মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ৬৩৮ জন কোভিড রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।