করোনায় ১ মৃত্যু ৬৯ শনাক্ত
করোনাভাইরাসে টানা চারদিন দেশ ছিল মৃত্যুশূন্য। এরপর টানা দুদিন আবার একজনের করে মৃত্যুর খবর এল। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এর সাথে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত তথ্য দেয়। তারা জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নয় হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন মাত্র ৬৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে এই শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।
সোমবারের তুলনায় অবশ্য গত একদিনে শনাক্তের হার কিছুটা কমেছে। ওই সময়ে শনাক্ত হয়েছিলেন ৮১ জন রোগী। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ।
নতুনদের নিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে ২৯ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর ২৩ জনই ঢাকা জেলার।
জানানো হয়েছে, দেশের ৪৩ জেলায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি। যে মানুষটি মারা গেছেন তিনি ষাটের বেশি বয়সের একজন পুরুল। ঢাকা জেলার বাসিন্দা ছিলেন তিনি।
সরকারি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ৭৪৭ জন। এ নিয়ে ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন সুস্থ হয়ে উঠলেন।