বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনা: শনাক্ত বেড়ে ১৩১৯, একজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 23 জুন 2022, 05:55 বিকাল 420 বার পঠিত
করোনা: শনাক্ত বেড়ে ১৩১৯, একজনের মৃত্যু

রোজ করোনায় কেউ না কেউ আবার মারা যেতে শুরু করেছে। এর সঙ্গে প্রতিদিন আশংকাজনক হারে বাড়ছে কোভিড-১৯ রোগী। গত ২৪ ঘণ্টাতেও দেশে করোনাভাইরাসে একজন মারা গেছেন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩১৯ জন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে  ১৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

২০২২ সালের ১৩ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মত দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই হার ১৩ দশমিক ৩০ শতাংশ ছিল।

নতুনদের নিয়ে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮। এদের মধ্যে ২৯ হাজার ১৩৫ জন এই ভাইরাসে মারা গেছেন।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২৭ জন। এ নিয়ে মোট ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন সেরে উঠলেন।

এপ্রিল-মে মাসে দেশের করোনা খুব কমে গিয়েছিল। মনে হয়েছিল, বুঝি তা বিদায় নিতে যাচ্ছে। মে মাসে একদিনের সর্বনিম্ন শনাক্তের রেকর্ড ছিল ৪ জন। সারা দেশে সেদিন মাত্র একজন রোগীই পাওয়া গিয়েছিল। 

কিন্তু জুন মাসে শুরুতে একটু একটু করে রোজ রোগী বাড়তে শুরু করে। এরপর গত এক সপ্তাহ তো লাফিয়ে লাফিয়ে সংক্রমিতের হার বাড়ছে। যেখানে রোজ ৫০ এর নিচে থাকতো নতুন রোগীর সংখ্যা সেখানে দেখতে না দেখতে হাজার পেরিয়ে আজ ১৪’শ ছুঁই ছুঁই অবস্থা।

শুধু তাই নয়, মাঝে এক মাসের মতো দেশে করোনায় কেউ মারা যায়নি। এরপর মৃত্যুর খবর এলেও দ্রুত তা থামে। এবং টানা ২০ দিন মৃত্যু ছিল না। কিন্তু গত চারদিন ধরে রোজ একটি করে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।