করোনা নিয়ে ঈদ করবেন ২৭ হাজার ৫৯৮ জন
করোনাভাইরাসে ঠিক এখন বাংলাদেশ খুব স্বস্তিজনক একটা অবস্থানে আছে। গত ১২ দিনে এই ভাইরাসে কারো মৃত্যু হয়নি দেশে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে মাত্র ১০ জন। তবে করোনা আক্রান্ত অবস্থায় ঈদ করতে হচ্ছে ২৭ হাজার ৫৯৮ জন মানুষকে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মাত্র ১০ জনকে সংক্রমিত পাওয়া গেছে।
নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শুন্য দশমিক ৪০ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৯০ শতাংশ ছিল।
২০২০ সালে মার্চে দেশে করোনা শুরু হয়। আর সেই বছরের ৪ এপ্রিল সারাদেশে ৯ জন রোগী শনাক্ত হয়। এরপর রোগী কেবল বেড়েছে। কমেনি। ওই দিনের পর এত কম রোগী পাওয়া গেল গত একদিনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, সোমবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। এখন পর্যন্ত আক্রান্ত হওয়ার পর ১৮ লাখ ৯৬ হাজার ১ জন সেরে উঠেছেন।
এই হিসেব অনুযায়ী দেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন ২৭ হাজার ৫৯৮ জন। মঙ্গলবার দেশে ঈদ। ওই সংখ্যক আক্রান্ত মানুষকে করোনা নিয়ে ঈদ করতে হবে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০৪ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৬ হাজার একজন সুস্থ্য হয়ে উঠলেন।