কোয়ারেন্টিন ভঙ্গ করার কারনে দুই লন্ডন প্রবাসী কারাগারে
সিলেটে কোয়ারেন্টিন থেকে করোনা পরীক্ষার ফলাফল আসার আগেই বাড়ি চলে যাওয়ার অপরাদে যুক্তরাজ্যফেরত দুই প্রবাসীকে এক সপ্তাহের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন সংক্রমণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। পাশাপাশি তাদেরকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ড প্রদানের পর তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই প্রবাসী হোটেল স্টার প্যাসিফিকে ছিলেন। সাজাপ্রাপ্ত লন্ডন প্রবাসীরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আব্দুল রউফের ছেলে আলম হাসান রউফ (৩৬) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. আবদুল নূর (৪২)। তিনি নগরের পাহাড়িকা আবাসিক এলাকার জিয়া উদ্দিন রোডের বাসিন্দা। তারা দুজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।