কোথাও কোথাও বৃষ্টি হতে পারে
দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও আছে। আছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলাও দেখা যেতে পারে। মোট কথা বৃষ্টির জন্য মুখিয়ে থাকা এই দেশের কোথাও কোথাও আজ শান্তির ধারা নামতে পারে।
দেশের বেশিরভাগ অংশ জুড়ে তাপপ্রবাহ চলছে। গরমে অতিষ্ট জনজীবন। একটু বৃষ্টির জন্য প্রার্থনা চলছে। এর মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল বৃষ্টির দেখা পেয়েছে।
আবহাওয়া অফিস আজ সোমবার জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
এ ছাড়া এ সময় শ্রীমঙ্গলে ২৩ মিলিমিটার ও রাজারহাটে ৭ মিলিমিটার বৃষ্টি হয়।
সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জাযগায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে রাজশাহী, পাবনা, দিনাজপুর ও যশোর অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পুর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৫ মিনিটে।