কওমি মাদ্রাসাগুলোকে নিবন্ধনে আনার উদ্যোগ
উলামায়ে হক্কানীদের ছত্রছায়ায়, সুদক্ষ পরিচালনা ও নিরলস পরিশ্রমের ফসল আমাদের হাজারো তালেবে ইলম। আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণের এ কওমি মাদরাসাগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের জন্য ১৫ সদস্যের কমিটি করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি নিয়ন্ত্রণে আসতে যাচ্ছে দেশের সব কওমি মাদরাসা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে আহবায়ক এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আব্দুস সেলিমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে দেশের কওমি মাদরাসাগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় আনতে নীতিমালা প্রণয়নের আদেশ দেয় মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আসগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, কওমি মাদরাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কার্যকর করতে এবং সরকারিভাবে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে সমন্বিত একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়া কওমি মাদরাসা পরিচালনায় যুক্ত ৬ বোর্ডকে সমন্বয় করে একটি কওমি শিক্ষা বোর্ড গঠনের প্রস্তাব প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।