কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতাসহ ২ জন আহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনসহ তিনজনকে গত রোববার কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়। হত্যাচেষ্টা মামলার আসামিরা এবার চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমন (২৮) ও তার চাচা যুবদল কর্মী মাসুম (৩০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত দুজনকে দ্রুত কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি বুধবার বিকাল সাড়ে চারটায় চরএলাহী বাজারে সংঘটিত হয়। জানা গেছে, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে গলা কেটে হত্যাচেষ্টার মামলার আসামিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার প্রতিবাদে সক্রিয়। তারা চরএলাহী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে চাইলেও যৌথবাহিনী বাধা দেয়। বাধা পাওয়ার পর তারা পার্শ্ববর্তী সাবেক চেয়ারম্যান তোতার বাড়িতে জড়ো হন।
এরপর পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে বাজারে আসার চেষ্টা করলে যৌথবাহিনী বাধা দেয়। বাধা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা সুযোগ নিয়ে ছাত্রদল নেতা ইমন ও যুবদল কর্মী মাসুমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ যৌথবাহিনী মোতায়েন রয়েছে। বিষয়টি নজরে রেখে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।