‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযান: কুমিল্লায় আরও ২৫৪ জন আটক
কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে অভিযানে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে দুই দফা অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করা হয়েছে।
দ্বিতীয় দফায় শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
রোববার বেলা সাড়ে ১২টায় তিনি বলেন, “আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেলা ৩টায় জানা যাবে তারা আসলে কে কোন ধরনের অপরাধী। কোন থানায় কতজন আটক।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের খুনের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপরই পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাং এবং বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
এর আগে বুধবার রাতে প্রথম দফার অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। তবে বৃহস্পতিবার দিনভর তাদের যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
বাকি ১৭৩ জনকে মাদক, ছিনতাই, গ্যাংলিডিং এবং নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অপরাধের অভিযোগে আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট একযোগে এ অভিযান পরিচালনা করে। নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।