বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন 05 এপ্রিল 2022, 04:24 দুপুর 205 বার পঠিত
খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

খুলনায় এক ফল ব্যবসায়ীকে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হি‌রো এই রায় ঘোষণা করেন। 

পাঁচ বছর আগের এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সুমন ম‌ল্লিক ও আশিকুর রহমান আশিক।

মামলার অন্য দুই আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এই দুজন হলেন কালু ওর‌ফে ছোট কালু ও মো. তা‌লেব হাওলাদার।

চার আসামির মধ্যে একমাত্র তালেব ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন বলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ জুলাই দুপুরে জোড়াগেট এলাকার হাজেরা বেগমের ছেলে ফল ব্যবসায়ী শহীদুলকে শত্রুতার জেরে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। তাকে পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শহীদুলের মা এই ঘটনায় বাদী হয়ে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।