রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা, ইমরান খানের দলের সরকার স্থগিত

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2026, 12:49 দুপুর • 4 বার পঠিত
খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা, ইমরান খানের দলের সরকার স্থগিত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা সংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের বলে রোববার এ পদক্ষেপ নেওয়া হয়।

জরুরি অবস্থা জারির ফলে প্রদেশটিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত সরকার কার্যত স্থগিত হয়ে গেছে। পিটিআই দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল।

রোববার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মন্ত্রিসভার সেই সুপারিশে অনুমোদন দেওয়ার কথা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখওয়া প্রাদেশিক সরকার “সন্ত্রাসবাদ বিরোধী লড়াই থেকে ইচ্ছাকৃতভাবে সরে দাঁড়িয়েছে”, যা বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা দেশটির জনপ্রিয় নেতা ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই যখন রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই প্রদেশটির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দেশটির কেন্দ্রীয় সরকার।