বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাশ্মির ইস্যুতে বাংলাদেশের অবস্থান

অনলাইন নিউজ পোর্টাল 24 জুলাই 2020, 10:26 দুপুর 487 বার পঠিত
কাশ্মির ইস্যুতে বাংলাদেশের অবস্থান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ইস্যুতে বাংলাদেশের নিশ্চুপ অবস্থান অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হলেও  নয়া দিল্লির কাছে প্রশংসিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মির ও সেখানকার পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে অবস্থান নিয়ে আসছে সেটির প্রশংসা করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক পরীক্ষিত ও ঐতিহাসিক। জম্মু-কাশ্মির ও সেখানকার পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে অবস্থান নিয়েছে সেজন্য আমরা সাধুবাদ জানাই। 

পাকিস্তানের এক খবর অনুসারে, বুধবার ফোনালাপে শেখ হাসিনার সঙ্গে উভয় দেশের করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইমরান খান। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ এবং কাশ্মির ইস্যুতে মনোযোগী হওয়ার আহ্বান জানান। খবর অনুসারে, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে ‘আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ইমরান খান জম্মু-কাশ্মির বিরোধের শান্তিপূর্ণ সমাধানের গুরুত্বের কথা তুলে ধরেন’।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কাশ্মির ইস্যু নিয়ে আলোচনার বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশের এ অবস্থান অনেক বুদ্ধিজীবীর নিকটেই প্রশ্নবিদ্ধ। তাদের মতে, অন্য কোনো দেশের ভেতরকার ব্যাপারে হস্তক্ষেপ না করার অর্থ এই নয় যে, অন্য দেশের অমানবিক কর্মকাণ্ড দেখে চুপ থাকা যাবে। কারো অনৈতিক কাজ দেখে চুপ থাকার অর্থ সে অনৈতিক কাজে সমর্থন দেয়া। এদৃষ্টিকোণ থেকে অনেকে বাংলাদেশের এই অবস্থানকে সমালোচনাযোগ্য মনে করেন।