শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাল থেকে গরুর অবৈধ প্রবেশ নিষিদ্ধ

ওএনপি২৪ নিউজ ডেস্ক 04 মে 2025, 04:49 দুপুর 343 বার পঠিত
কাল থেকে গরুর অবৈধ প্রবেশ নিষিদ্ধ

আগামীকাল সোমবার (৫ মে) থেকে সীমান্ত পথে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (৪ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও দেশের বিভিন্ন অঞ্চলে পশুর চলাচল নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ফরিদা আখতার জানান, আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর সমন্বিতভাবে কাজ করবে। আজ থেকে এ ধরনের অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও জানান, এ বছর কোরবানির জন্য প্রায় সোয়া কোটি পশু প্রস্তুত রয়েছে, যার মধ্যে ২০ লাখ পশু উদ্বৃত্ত থাকতে পারে।

পশুবাহী ট্রাক ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে কাজ করবে।

এছাড়া, যেকোনো সমস্যার দ্রুত সমাধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি নিয়ন্ত্রণ কক্ষ (হটলাইন ১৬৩৫৮) চালু থাকবে, যেখানে ফোন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদা আখতার বলেন, যানজট বা মহাসড়কে সমস্যার সৃষ্টি হতে পারে এমন স্থানে পশুর হাট বসানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।