বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কাফনের কাপড় পরে সচিবালয়ের সামনে আন্দোলনরত বিডিআর সদস্যরা

মোহাম্মদ খাইরুল আমিন 12 ফেব্রুয়ারি 2025, 06:17 বিকাল 133 বার পঠিত
কাফনের কাপড় পরে সচিবালয়ের সামনে আন্দোলনরত বিডিআর সদস্যরা

বুধবার দুপুরে সচিবালয়ের সামনে বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা কাফনের কাপড় পরে আন্দোলন শুরু করেন। সাড়ে ১২টার দিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন তারা এবং এক ঘণ্টা পরে সচিবালয়ের দিকে এগোতে থাকলে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশের বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা সচিবালয়ের সামনের এলাকায় ঢুকে পড়ে। পুলিশ জলকামান ব্যবহার করে তাদের আটকানোর চেষ্টা করে, তবে তারা ব্যারিকেড ভেঙে চলে আসে।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, “শিক্ষা ভবনের সামনের ব্যরিকেড ভেঙে তারা এখন সচিবালয় এলাকায় চলে এসেছে।”

সমন্বয়ক মাহিন সরকার সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। এর পর পুলিশ তাদের আবারও আটকে দেয় আব্দুল গণি রোড ও খাদ্য অধিদপ্তর এলাকায়। এ সময় আন্দোলনরত বিডিআর সদস্যদের শপথ পাঠ করান এই সমন্বয়ক।

বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহ ঘটে, যেখানে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়, যার বিচার এখনও চলছে। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হলেও ৪৬৮ জনের মুক্তি আটকে আছে বিস্ফোরক আইনের কারণে। ২০১৩ সালে হত্যা মামলায় ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়। হাই কোর্টে রায়ের পর ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল এবং ২২৮ জনকে সাজা দেওয়া হয়।

এছাড়া, বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার ২০১০ সালে শুরু হয়েছিল, তবে মাঝপথে তা স্থগিত করা হয়। ১৯ ডিসেম্বর শহীদ পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ নিয়ে যান এবং গত ২৪ ডিসেম্বর সরকার তদন্ত কমিশন গঠন করে। গত ২১ জানুয়ারি, ১৫ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জন বিডিআর জওয়ানের জামিন হয় এবং তারা মুক্তি পান।