শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জয়পুরহাটে তরুণীকে ধর্ষণের পর হত্যা

মোহাম্মদ খাইরুল আমিন 07 মে 2022, 03:39 দুপুর 217 বার পঠিত
জয়পুরহাটে তরুণীকে ধর্ষণের পর হত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে এক স্নাতক পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে পাঁচবিবির আটাপুরের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

এই ঘটনা প্রসঙ্গে পাঁচবিবি সার্কেল পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তাদের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ জানায়, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আয়েশা সিদ্দিকা (২০) নামের নিহত তরুণী জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। দারিদ্রের কারণে টিউশানি করে নিজের পড়ার খরচ চালাতেন আয়েশা। 

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের পরের দিন আয়েশাকে বাড়িতে রেখে তার ভাই ও ভাবি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। এর পর গতকাল শুক্রবার সকালে প্রতিবেশী নারীদের সঙ্গে আয়েশা দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিকে যান।

রাতে বাড়িতে কেউ না থাকায় পাশের বাড়ি থেকে দুই ভাতিজিকে নিয়ে ঘরে শুয়ে পড়েন আয়েশা। রাত ১১টার দিকে পাশের রুমে মোবাইলে কথা বলতে যান। তার ভাতিজিরা ঘুমিয়ে পড়ে। 

সকালে ভাতিজিরা জেগে উঠে ঘর বাইরে থেকে বন্ধ পায়। তাদের ডাকাডাকিতে পাশের বাড়ি থেকে তাদের মা এসে দরজা খুলে দেন। তারা এর পর দেখতে পান অন্য রুমের বিছানায় আয়েশা মুখে কাপড় গোঁজা অবস্থায় বিবস্ত্র পড়ে আছেন। 

পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।