জমে উঠেছে রাজধানীর পশুর হাট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কয়েকদিন ধরেই রাজধানীর পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে কোরবানির পশু। ক্রেতা-বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে রাজধানীর হাটগুলো। তবে বেশির ভাগ ক্রেতাই হাটে আসছেন অবস্থা বুঝতে। ঈদের যেহেতু তিনদিন বাকি এজন্য তারা দাম শুনে চলে যাচ্ছেন। পশু বিক্রি সেভাবে শুরু না হওয়ায় বিক্রেতারাও বেশি লাভের আশায় দাম হাঁকাচ্ছেন।
এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী,গত (৬ জুলাই) থেকে হাট বসার কথা থাকলেও ২-৩ দিন আগে থেকেই কোরবানির পশু আসা শুরু হয় রাজধানীর অস্থায়ী হাটগুলোতে। এসব হাটে কেনা-বেচা চলবে ঈদের দিন অর্থাৎ ১০ জুলাই সকাল পর্যন্ত।
রাজধানীর পোস্তগোলা, ধুপখোলা মাঠ, রায় সাহেব বাজারের রাস্তা ও দনিয়া কলেজ মাঠ ও এর আশপাশে বসা অস্থায়ী হাটে সরেজমিন দেখা গেছে, কয়েকদিন আগে থেকে যারা গরু বিক্রির জন্য এসেছেন, তাদের মধ্যে কেউ গরুর খাবার প্রস্তুত করছেন। আবার নতুন করে যারা আসছেন তাদের মধ্যে কেউ কেউ ট্রাক থেকে গরু নামাচ্ছেন, কেউ গরু নিয়ে নির্ধারিত স্থানে রাখছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. মনিরুজ্জামান বলেন, ডিএসসিসি এলাকায় এবার ১০টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে সারুলিয়ার স্থায়ী হাটেও কোরবানির পশুর হাট বসেছে।
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া স্থানেই কোরবানির পশুর হাট বসাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। হাটের শৃঙ্খলা ও পশুর ব্যাপারীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
বিগত বছরের মতো এবারও পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাটের শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার সমন্বিতভাবে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।