জাতীয় সংসদের এমপিদের করোনা টেস্ট শুরু
জাতীয় সংসদের ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু কর্মকর্তা-কর্মচারীই নয় এরইমধ্যে ১৫ জন এমপিও আক্রান্ত হয়েছেন। সংসদের চলতি বাজেট অধিবেশনের আগামী চারটি বৈঠকে যেসব এমপিরা অংশ নেবেন তাদের করোনা টেস্ট শুরু করা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে।
শনিবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এদিন ২০ জন এমপির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয় ও ভবনের ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীদের নমুনাও নেয়া হয়েছে। এদিকে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৫ এমপি রয়েছেন। এদের মধ্যে একজন সাবেক চিফ হুইপ রয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই আগামী ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। গত ১০ জুন শুরু হয়ে চার কার্যদিসব সংসদে বৈঠক হয়েছে। ২৩ জুন পর্যন্ত বৈঠক মুলতবি রাখা হয়েছে। এরপর আর মাত্র চার কার্যদিসব অর্থাৎ ২৩, ২৪, ২৯, ৩০ জুন সংসদে বৈঠক অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।
এই বৈঠকে সংসদ সদস্য কারা কারা অংশ নেবেন তার একটি তালিকাও করা হয়েছে। এই তালিকায় যারা আছেন তাদের করোনা টেস্ট করা হচ্ছে সংসদ সচিবালয়ের উদ্যোগে।