বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

জাপানও জানতে চাচ্ছে নির্বাচন কবে: আমীর খসরু

মোহাম্মদ খাইরুল আমিন 04 মে 2025, 11:58 রাত 255 বার পঠিত
জাপানও জানতে চাচ্ছে নির্বাচন কবে: আমীর খসরু

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন কবে, তা জাপানও ‘জানতে চাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার বিএনপি মহাসচিব ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, “নির্বাচন নিয়ে সবার একটা আগ্রহ আছে। তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে?

“সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য অংশীজনদের… সেজন্য বাংলাদেশে একটি নির্বাচন এবং নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছে। তারা চায় বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক।”

রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরুর পাশাপাশি দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, “জাপানের রাষ্ট্রদূতের আলোচনার বিষয়বস্তুতে ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, উনার দেশে ফেরা, দুই দেশের মধ্যকার বিনিয়োগ, বাণিজ্য এবং বাংলাদেশের নির্বাচন।

“এর মধ্যে ম্যাডামের দেশে ফেরার বিষয়টাকে তারাও (জাপান) খুব আগ্রহের সঙ্গে লক্ষ্য করছে এবং বাংলাদেশের জনগণের মত তারাও মনে করছে ম্যাডামের ফিরে আসাটা একটি ভালো সময়ে হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান এবং মানুষের ভালোবাসা- সব কিছু তারাও ভালোভাবে দেখছেন।”

আমীর খসরু বলেন, “আপনারা জানেন, বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক সবচেয়ে বড় ও দীর্ঘদিনের। তারা সবসময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ। তাদের আগ্রহ স্বাভাবিক ভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে, তাদের সঙ্গে কাজ করার পরিবেশটা যেন অব্যাহত থাকে, সেটা তারা চায়।

“বাংলাদেশে জাপানে বড় বিনিয়োগ আছে। আগামী দিনে তাদের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশে বিনিয়োগের। সেসব বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। জাপানিজ ইনভেস্টমেন্ট সবসময়ে আমরা প্রত্যাশা করি।”