জামায়াতের আমির ডা শফিকুর রহমান আটক
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে আটক করেছে ডিবি পুলিশ।
জানা যায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডা. শফিকুর রহমানকে নিয়ে যায় ডিবি পুলিশ।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেজে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে বা কোন মামলায় ডা. শফিকুরকে আটক করা হয়েছে, সেটি জানাননি ড. শফিকুল।
একটি সূত্রে জানা গেছে, আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে জামায়াতের আমিরকে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।