জামায়াত আমির শফিকুর রহমান হাসপাতালে ভর্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদরোগজনিত সমস্যার কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার বিকালে তার এনজিওগ্রাম করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, “চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।”
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আরও কিছু টেস্ট করা হচ্ছে। সেগুলো শেষ হলে কখন সার্জারি করা হবে, চিকিৎসকরা তা নির্ধারণ করবেন। খুব দ্রুতই তা সম্পন্ন হবে।”
জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন জামায়াত আমির। বিকাল ৪টার দিকে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়।
তার সহকারী নজরুল ইসলাম বলেন, “বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। প্রথমে উঠলেও কিছুক্ষণ পর আবারও পড়ে যান তিনি। পরে ডায়াসের পাশে বসে বক্তব্য শেষ করেন। সেদিনই তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় এবং পরদিন বাসায় ফেরেন।
জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমিরের দ্রুত আরোগ্য কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়েছে।