জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা সহজ করতে এবং অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমাতে শিগগিরই ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালু করতে যাচ্ছে সরকার। এ সেবা চালু হলে বর্তমানে বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছ থেকে আলাদাভাবে অনুমোদন ও ছাড়পত্র নিতে যে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে, তা কমে ৫ থেকে ১০ দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ শিল্পের প্রয়োজনীয় অনুমোদন ও সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে উদ্যোক্তাদের একাধিক দপ্তরে ঘুরতে হবে না। কমবে ব্যবসা পরিচালনার সময় ও ব্যয়।
পাশাপাশি সেবা প্রদানে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত এ ওয়ান-স্টপ সার্ভিসের নকশা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এজন্য মন্ত্রণালয়ের গঠিত একটি কার্যকরী দল প্ল্যাটফর্মটির কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এর বাস্তবায়নপদ্ধতিও পর্যালোচনা করা হয়েছে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা উন্নয়ন প্রকল্প এবং টিএসডিএফ উন্নয়ন প্রকল্পের আওতায় এ সেবা চালুর কার্যক্রম নির্ধারিত রয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বাসসকে বলেন, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত। সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে। অংশীজনদের সঙ্গে পরামর্শের কাজ দ্রুত শেষ হওয়ায় চলতি নভেম্বর মাসের মধ্যে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের (বিএসআরবি) সূত্র জানায়, এ সেবা চালুর বিষয়ে গত ১৩ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সেবা সহজীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় প্রস্তাবিত প্ল্যাটফর্মের নকশা, কার্যক্রম ও বাস্তবায়ন নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়।
এর আগে গত ৬ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবেশমন্ত্রী বলেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন দপ্তর ও সংস্থার পরিদর্শন এবং ছাড়পত্র নিতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। হংকং কনভেনশন অনুসরণের পরও ১০০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে এত দিন অপেক্ষা করা কোনোভাবেই যুক্তিসংগত নয়। কারণ, জাহাজ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পর থেকেই প্রতিদিন ব্যাংক সুদ পরিশোধ করতে হয়। অনুমোদন প্রক্রিয়ায় বিলম্বের কারণে ব্যবসায়ীদের ব্যয় বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে। জাহাজ পরীক্ষার প্রয়োজন হলে সংশ্লিষ্টদের এ প্রক্রিয়ার সময় কমিয়ে আনার নির্দেশনাও দেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের পরিচালন ব্যয় কমবে। বিশেষ করে জাহাজ আমদানির পর অনুমোদনের অপেক্ষায় পড়ে থাকলে যে অতিরিক্ত সুদ ও অন্যান্য ব্যয় বহন করতে হয়, তা কমানো সম্ভব হবে। এতে শিল্পটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের ইস্পাত ও পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহ ব্যবস্থাও উপকৃত হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) প্রণীত হংকং কনভেনশন ২০২৫ সালের ২৬ জুন কার্যকর হয়েছে।
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে শ্রমিকের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসরণের জন্য এ কনভেনশনে বিভিন্ন নির্দেশনা রয়েছে। বাংলাদেশ ২০২৩ সালে কনভেনশনটি অনুসমর্থন করে। ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশের এ শিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড (বিএসআরবি) জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড স্থাপনের অনুমতি, ইয়ার্ড পরিচালনার অনুমোদন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি, আমদানি করা জাহাজ পরিদর্শন এবং জাহাজ সৈকতে ভেড়ানো ও কাটার অনুমতিসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। এ ছাড়া ডিএএসআর ও কন্ডিশনাল ডিএএসআর-সংক্রান্ত সেবাও প্রদান করে সংস্থাটি।
এসব সেবা পেতে বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাণিজ্য দপ্তর (এমএমও), পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদন প্রয়োজন হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, বিষয়টিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইতোমধ্যে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা সম্পন্ন হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে। এসব মতামতের ভিত্তিতে বিএসআরবি প্রয়োজনীয় নীতিমালা বা গাইডলাইন তৈরি করছে। গাইডলাইন চূড়ান্ত হলেই এর আলোকে কার্যক্রম শুরু হবে।