বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

‘ইরানি হুমকি’: সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2026, 06:55 সকাল • 4 বার পঠিত
‘ইরানি হুমকি’: সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

ইরানের কথিত প্রাণনাশের হুমকির পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি তার ওয়াশিংটন ডিসির বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলে মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস প্রথম এ খবর দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে, হুমকির মাত্রা কতোটা তীব্র ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

রয়টার্স জানিয়েছে, তাদের হাতে আসা গত মাসের শেষ দিকের এক নথিতে ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি ষড়যন্ত্রের মাত্রা ‘অগ্রসর পর্যায়ে পৌঁছেছে’।

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে পরিচিত মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সৃষ্টির পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। অগাস্ট থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। এর মাধ্যমে ইরানের ওপর প্রবল অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দেশটিকে জাহাজ চলাচলের ওপর হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালি ফের খুলে দিতে বাধ্য করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি ইরান ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর থেকে কার্যকরভাবে বন্ধ করে রেখেছে।

এর প্রতিক্রিয়ায় ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে মার্কিন নৌবাহিনী। এটি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির মার্কিন অভিযানে বাড়তি মাত্রা যোগ করেছে।

এক ইমেইল বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে মন্ত্রী দমে যাবেন না এবং তিনি অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন ও অবরোধ বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন, যা সম্মিলিতভাবে ইরানের অর্থনীতিকে ধসিয়ে দিচ্ছে।"

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, ২০২৫ সালে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় যে বেসেন্ট এক কোটি ২৫ লাখ ডলারে জর্জটাউনে একটি বাড়ি কিনেছেন। এই প্রতিবেদনের সঙ্গে উপর থেকে তোলা ওই বাড়িটির একটি ছবি দেওয়া হয়েছিল।

তিনি জানান, এই ছবিটি বাড়িটি কোথায় আছে তা শনাক্ত করার সুযোগ করে দিয়েছিল আর এরপর থেকেই বেসেন্টকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়তে শুরু করে।

সরকারি সিদ্ধান্তে বেসেন্ট নিজের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে গিয়ে উঠেছেন বলে জানান তিনি। কিন্তু কবে এই ঘটনা ঘটেছে তা জানাতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের ওপর হামলার ছক কষার অভিযোগ আগে থেকেই অস্বীকার করে আসছে ইরান।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ও বাইরে থাকা অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত বলে উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা।

যুদ্ধের সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ এবং লেবাননের ওপর ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন, তাদের মধ্যে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।