বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

মোহাম্মদ খাইরুল আমিন 29 আগস্ট 2026, 07:29 সকাল 27 বার পঠিত
ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

পরিবহণ শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা, মারধর করার প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় ইজিবাইক চালকরা সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেয়। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায়।

পরে পরিবহণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ ছিল।

পরবর্তীতে শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সে সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা জেলার সব বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।

হাজী আবুল কালাম আজাদ আরো বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।

এদিকে হঠাৎ এমন ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা ইজিবাইক ও অন্যান্য যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। এতে খরচ এবং সময় দুটোই বাড়ছে।