হঠাৎ যে কারণে ফেসবুক সার্ভার ডাউন
গতকাল সোমবার রাত পৌনে ১০টা থেকে প্রায় ৬ ঘণ্টা ডাউন থাকার পর আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এতো দীর্ঘ সময় ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হওয়ার ঘটনা বিরল। রয়টার্স ফেসবুকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুকের পক্ষ থেকেও ত্রুটির কারণ বলা হলেও কারিগরি বিশেষজ্ঞরা ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস ত্রুটি ছিল বলে ধারণা করছেন। কেউ বলছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সবই একটি বিজিপি কনফিগারেশনের সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল।
তবে , ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানিয়েছে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
এদিকে টুইট বার্তায় ফেসবুক জানিয়েছে, আমরা দুঃখিত। আমরা অ্যাপ ও সেবা চালুর জন্য কঠোর পরিশ্রম করছি এবং তারা অনলাইনে পুনরায় ফিরে এসেছে জানতে পেরে খুশি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
ইনস্টাগ্রাম টুইট বার্তায় জানিয়েছে, ইনস্টাগ্রাম এখন ফিরে এসেছে কিন্তু ধীরে চলছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেরি হওয়ার জন্য দুঃখিত!
অন্যথায় , সর্বশেষ ২০১৯ সালে ফেসবুক ও অন্যান্য অ্যাপে ১৪ ঘণ্টার মতো এ ধরনের সমস্যা হয়েছিল।