বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হরতালের শেষ দিকে পল্টনে পুলিশের অ্যাকশন

মোহাম্মদ খাইরুল আমিন 28 মার্চ 2022, 02:31 দুপুর 243 বার পঠিত
হরতালের শেষ দিকে পল্টনে পুলিশের অ্যাকশন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল শেষ হয়েছে। শেষটায় অবশ্য হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। 

সোমবার দুপুরে রাজধানীর পল্টনে হরতাল সমর্থকরা ছিলেন রাস্তায়। তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা করেছে। পাশাপাশি টিয়ারশেল ও জলকামানও ব্যবহার করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভেল ডাক দিয়েছে বামজোট।

বামজোট নেতাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবেই হরতাল পালন করছিলেন। কোনো উস্কানি ছাড়াই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। টিয়ারশেল ছোড়ে। জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে তাদের ২০-২৫ জন আহত হয়েছেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 

মঙ্গলবার বিকেল চারটায় পল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বামজোট। 

সোমবার সকাল ৬টা থেকে ১২ পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দেয় বাম জোট। তাদের নেতাকর্মীরা রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ ও মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। 

হরতালের সময় শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে পল্টন মোড়ে বাম জোটের নেতাকর্মীরা রাস্তার একপাশে জড় হয়ে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপর শুরু হট্টগোল। 

পুলিশ লাঠিপেটা শুরু করে। থেমে থাকেননি হরতাল সমর্থকরাও। পুলিশের দিকে তারা ইট পাটকেল ছুড়তে শুরু করে। এর এক পর্যায়ে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে।