বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

মোহাম্মদ খাইরুল আমিন 17 নভেম্বর 2022, 11:30 দুপুর 396 বার পঠিত
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী সাথী আক্তারের মরদেহ রেখে পালিয়েছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তবে মৃতের বাবার অভিযোগ, যৌতুকের জন্য তাকে হত্যা করা হয়েছে।

বুধবার দুপুরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাথীর মরদেহ রেখে যায় তার স্বামী আকাশ আহম্মেদ এবং রফিকুল ইসলাম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাথীর শ্বশুর রফিকুল ইসলাম এবং শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গৃহবধূ সাথী আকাশ আহম্মেদের স্ত্রী এবং দৌলতপুর উপজেলার হলুদবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। আকাশ ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাঁপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সাথীর বাবা শাহাদত হোসেন বলেন, ৬ মাস আগে সাথীর সঙ্গে আকাশের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাথীকে তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য মারধর করতেন। বুধবার দুপুর ২টার দিকে আকাশ ফোন করে বলে সাথী গলায় দড়ি দিয়েছে। মরদেহ হাসপাতালে আছে। পরে ভেড়ামারা হাসপাতালে এসে জানতে পারি মরদেহ রেখে তার স্বামী-শ্বশুর পালিয়েছে। যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করা হয়েছে। 

ভেড়ামারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন জানান, বুধবার দুপুরে মৃত অবস্থায় সাথী আক্তার নামে এক নারীকে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তারা মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

ভেড়ামারা থানার এসআই প্রতাপ কুমার রায় জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। সাথী আক্তারের শ্বশুর-শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার  সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।