হামের উপসর্গের রোগী ১ লাখ ৬০ হাজার ছাড়াল
দেশে সরকারি হিসাবে হামের উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৪৭ জনে।
হাম সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে এ তথ্য উঠে এসেছে।
সারা দেশে হামের উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে যান। তবে সবার নমুনা পরীক্ষা না হওয়ায় হামের বিস্তৃতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন। এ ক্ষেত্রে সরকারি হিসাবের উপরই পরিসংখ্যানের জন্য ভরসা করতে হচ্ছে।
এদিকে দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনেরও মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নতুন ৬৩ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৮৩ জন। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে ৯৯ জন ও উপসগ নিয়ে ৮৮৪ জন প্রাণ হারিয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ; সেখানে মারা গেছে ১৫১ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৪ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৫৩ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩০৪ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ১২১, চট্টগ্রামে ২৬৩, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৫, খুলনায় ৬৬, রংপুরে ১৭ জন।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন; তাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন হাসপাতাল ছেড়েছে।