হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে ৩৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে দুই জন, ঢাকায় এবং সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।
তাদের হিসাবে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জন প্রাণ হারিয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৯ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৩, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ জন।
ঢাকা বিভাগে ভর্তি ৩৬১ জন, রাজশাহীতে ২০, সিলেটে ১৪১, চট্টগ্রামে ২৭৭, বরিশালে ১৪১, ময়মনসিংহে ৬২, খুলনায় ৭৫, রংপুরে ১৩ জন।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৭ হাজার ৩৪৭। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন হাসপাতাল ছেড়েছে।
আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ২১৮।