হাজি সেলিম আইন মেনেই বিদেশে গিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
দণ্ডপ্রাপ্ত হয়েও কিভাবে দেশ ছেড়ে বিদেশে গেলেন তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদ সদস্য হাজি সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন এবং ফিরে এসেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় হাজি সেলিমকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। গত শনিবার তিনি গোপনীয়তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের ব্যাংককে যান। আজ দুপুরে আবার আওয়ামী লীগের এই সাংসদ থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত কয়েকদিন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন আলোচনায় হাজি সেলিমের দেশত্যাগ নিয়ে অনেক কথা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হয়েও তার সেলিমের দেশত্যাগের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে আজ তিনি ফিরে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন। আইনগতভাবে যতটুকু প্রশ্ন আসে, হাইকোর্ট থেকে তার যে ইটা (রায়) করেছিলেন, সেগুলো তিনি সামনে রেখে গিয়েছেন।’
এর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আপনারা জানেন হাইকোর্টের একটি ভারডিক্ট (রায়) হলে অফিশিয়ালি রায় চলে আসে। ভারডিক্ট হয়েছে কিন্তু অফিসিয়ালি সেটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গিয়েছেন। আবার ফিরেও এসেছেন।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুই যুগ আগের একটি মামলায় হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে হাই কোর্ট তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।