গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২৭ জনের।
নতুন করে করোনা শনাক্ত হয়েছেন নয় হাজার ৩৬৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। আজ(৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ৫০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৬৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৪ হাজার ৬৭১টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৮০টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।