ঘরমুখো মানুষের চাপ ক্রমশ বাড়ছে পাটুরিয়ায়
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ভোর থেকে ঘরমুখো মানুষের চাপ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়তে শুরু করেছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহন ঘাট এলাকায় আসতে থাকে। এতে সকাল সাড়ে ৮টার দিকে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় যানবাহন ও যাত্রী পারাপারের জন্য বড় ৩টি ও ছোট ৬টি ফেরি নিয়োজিত রাখা হয়েছে। তবে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়লে ফেরি সংখ্যাও বাড়বে। সকাল সাড়ে ৮টার দিকে ৫ শতাধিক প্রাইভেটকারসহ ছোট যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, যাত্রীরা জানান, আন্তঃজেলা বাস চলাচলে আরও বেশি ভিড় হবে। তাই কয়েক গুণ বেশি ভাড়া ও ফেরিতে গাদাগাদি হলেও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই বাড়ি যাচ্ছেন তারা।