গার্ডার দুর্ঘটনায় অভিযুক্ত সব আসামির জামিন
গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একই পরিবারের ৫ জন একসঙ্গে নিহত হয়। উক্ত ঘটনার আসামি ট্রাফিকম্যান মো. রুবেলকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত। ট্রাফিকম্যানের জামিনের মধ্যে দিয়ে এ মামলায় ১০ আসামিই জামিন পেলেন। সোমবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, আসামি রুবেলের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে। এ মামলায় গত ২২ আগস্ট হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশনস মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধার জামিন মঞ্জুর করে আদালত।
গত ২৫ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ ও মো. মঞ্জুরুল ইসলাম আদালত থেকে জামিন পান। এরপর ২৯ আগস্ট ক্রেনচালক মো. আল-আমিন হোসেন ওরফে হৃদয় ও রাকিব হোসেন এবং ৩১ আগস্ট আসামি মো. আফরোজ মিয়াকে জামিন দিয়েছে আদালত।