বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গার্ডার দুর্ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

মোহাম্মদ খাইরুল আমিন 16 আগস্ট 2022, 04:03 দুপুর 465 বার পঠিত
গার্ডার দুর্ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

রাজধানী ঢাকার উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার প্রাইভেট কারের ওপর আছড়ে পড়ে ৫ জন নিহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক বৈঠকের পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‘বিআরটি প্রকল্পের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন। এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।’’

গতকাল সোমবার বিকেলে উত্তরার জসীম উদ্দীন বাস স্ট্যান্ড এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। বিআরটি প্রকল্পের কংক্রিটের গার্ডার ক্রেন দিয়ে তোলা হচ্ছিল ট্রেইলারে। এই সময় ক্রেন থেকে গার্ডারটি চলমান একটি প্রাইভেট কারের ওপর পড়ে। ভারী ওই গার্ডারের চাপে মুহূর্তের মধ্যে চ্যাপ্টা হয়ে যায় গাড়িটি। এতে করে গাড়ির ভেতরেই মৃত্যু হয় এক পরিবারের পাঁচজনের, দুজনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।