শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মোহাম্মদ খাইরুল আমিন 12 অক্টোবর 2022, 09:37 সকাল 293 বার পঠিত
গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আজ বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)ভোটগ্রহণ শুরু হয়েছে।  শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন এ আসনের ভোটাররা।

গত মঙ্গলবার সকাল ১০টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএমসহ নির্বাচনী সকল সরঞ্জাম। ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জানা যায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

 নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া র‍্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি ও ৫টি সাদা পোশাকের স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছেন। ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে থাকবেন। এছাড়া ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছে সবগুলো ভোটকেন্দ্র।

ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গাইবান্ধা-৫ আসন গঠিত। সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এ উপ-নির্বাচনে সাঘাটা উপজেলায় ৮৮টি এবং ফুলছড়ি উপজেলায় ৫৭টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।

 প্রসঙ্গত, গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের এমপি মো. ফজলে রাব্বী মিয়া। এর দুইদিন পর এ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।