ফসলি জমিতে মিলল গোলাসদৃশ বস্তু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফসলি জমির মাটির নিচ থেকে একটি গোলাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের আতর আলীর জমি থেকে ওই গোলাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। বর্তমানে ওই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
এদিকে গোলাসদৃশ বস্তুটি পরীক্ষার জন্য ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম আসছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নুর ইসলাম নামে এক ব্যক্তি ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে নুড়ি পাথর তোলার সময় গোলাসদৃশ এ বস্তুটি পায়। পরে ভয়ে তিনি কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে সেটি পুঁতে রাখে।
বিষয়টি জানাজানি হলে পুলিশ মঙ্গলবার বিকালে এটি উদ্ধারে অভিযান চালায়। এ অভিযানকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও থানার ওসি বছির আহমেদ বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী জানান, গোলাসদৃশ বস্তুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এলাকাটি পুলিশ ঘেরাও করে রেখেছে।
ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল এসে পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।