ফরিদপুরের কয়েক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ
আজ সোমবার ফরিদপুরের বোয়ালমারীর কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ করছেন তারা। বাংলাদেশের একদিন আগে রোজা শুরু করেন তারা।
তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদ। বোয়ালমারী উপজেলার ইউনিয়ন শেখর ও রূপপাত। এখানকার ১৩টি গ্রাম বরাবর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তাদের শুরুর দিনেই রমজান মাস শুরু করে। সেই হিসেবে বাংলাদেশে রমজান শুরু হয় একদিন পর। কিন্তু এই গ্রামবাসী একদিন আগে রোজা শুরু করায় তাদের ঈদও আসে একদিন আগে।
রাখালতলী গ্রামে প্রায় ২০০ পরিবার আছে বলে জানা যায়। তাদের সবাই নয়, একশোর বেশি পরিবার দেশের চেয়ে একদিন আগে ঈদ পালন করে থাকেন। তাদের ঈদের জামাতের ঈমামতি করেন রাখালতলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির।
খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের মির্জাখিল শরীফ ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বোয়ালমারী উপজেলার দুই ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুর, দিঘিরপাড়সহ ১৩ গ্রামের বেশ কয়েক হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।