ফারুক ওয়াসিফ আরও এক বছর পিআইবি মহাপরিচালক
সাংবাদিকতা প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত উন্নয়নের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে আরও এক বছরের জন্য দায়িত্ব পেলেন ফারুক ওয়াসিফ।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ফারুক ওয়াসিফকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হল।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফারুক ওয়াসিফকে দুই বছরের জন্য পিআইবি মহাপরিচালকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। তখন থেকে পিআইবির গণমাধ্যম বিষয়ক দ্বিমাসিক সাময়িকী ‘নিরীক্ষা’ সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।
কলাম লেখক ফারুক ওয়াসিফ এর আগে দৈনিক সমকালে পরিকল্পনা সম্পাদক ছিলেন। একযুগের বেশি সময় ধরে কাজ করেছেন প্রথম আলোয়, সবশেষ সেখানে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাঝে প্রথমা প্রকাশনের চিন্তা ও গবেষণাভিত্তিক ত্রৈমাসিক সাময়িকী ‘প্রতিচিন্তা’র নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।
বগুড়ার ছেলে ফারুক ওয়াসিফের পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনেই কবিতা ও গল্প লেখার পাশাপাশি প্রতিরোধী বাম রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—‘জল জবা জয়তুন’, ‘বিস্মরণের চাবুক’, ‘তমোহা পাথর’।
ফারুক ওয়াসিফের প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে—‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’, ‘জীবনানন্দের মায়াবাস্তব’, ‘জরুরি অবস্থার আমলনামা’, ‘ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে’। ‘সাদ্দামের শেষ জবানবন্দি’ তার অনুবাদগ্রন্থ।